বাবা আসবে কি..?
বাবা আসবে কি..?
মেহেদী হাসান বাবু
এসেছে বাদল ভারি বরষা মেঘের শব্দ শুনি,
কে কোথায়? ঘরে ফিরে আয় নামিলো এক্ষুনি,
চাল ভাজা,চিড়ে,মুড়ি আছে সাথে দেব গুড়চিনি,
নতুন মেঘে আকাশ ছেয়েছে ঘরে আয় সোনামনি।
বাবা বলেছিলো নতুন জলে জ্বর আসিতে পারে,
মনে থাকেনা কতবার কই ভুলে যাস বারে বারে!
মা শোনোনা লাগছে ভালো ভিজি না একটু জলে,
রহিম কাকার আম বাগানে আম পাবো বুঝি গেলে,
দেখো মা সবাই নাইতে এলো আসিনা একটু খেলে,
বলিও তুমি ভিজি নাকো আমি বাবা জিজ্ঞাসিলে।
পারিবো না বাছা বলিতে কিছুই যা খুশি তাই কর,
পশ্চিমাকাশ করেছে আধার এই বুঝি এলো ঝড়।
গুড়ুম গুড়ুম বাজের শব্দ ঝিলিক দিচ্ছে সাথে,
দখিনা হাওয়া ভীষণ কড়া শঙ্কা জাগছে তাতে!
কুকুরগুলোর জটলা ভেঙেছে পালিয়েছে দল হতে,
দোহাই সোনা ভিজতে হবে না যাস না এ বেলাতে।
তোর বাবা এসে সাধিলে আমায় কি বলিবো সোনা,
জানিস না তুই স্বামীর সনে মিথ্যা বলিতে মানা।
ফিরনু ঘরে বল যদি তুমি, বাবা আসিবে কবে?
কাল যদি মোর বাবা আসে আজ যাবো না তবে,
বাবা বলেছিলো গঞ্জ হতে গাড়ি কিনতে যাবে,
ওমা, মা বলো না তবে "বাবা আসিবে কবে?"
খোকার বায়না স্তম্ভিত মাতা বলিতে নারে কথা,
ছোট্ট প্রানের অবুঝ বায়না বারিয়ে দিলো ব্যাথা।
বছর পাঁচেক হলো যে গত বিদেশ দিয়েছে পাড়ি,
এবার ঈদে বলেছিলো স্বামী আসিবে ফিরে বাড়ি,
আশার স্বপনে নামিলো আধার এইনা মহামারী,
কতো যে বেলা কাটিবে এমন আপনজনকে ছাড়ি!
অবুঝ খোকার অবুঝ বায়না বাবা আসার মাঝে,
নিরব মাতা কাদিঁতে নারে গোপনে হৃদয় ভেজে।
পড়ন্ত বেলা ঘুচিতে লাগিলো এইনা তিমির সাঝেঁ,
শূণ্য পথে অপলোক খোকা বাবাকে দেখার খোঁজে।


No comments